সফিকুল ইসলাম হিরু, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রানা হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি সদর পৌরসভার বাসন্ডা ডিগ্রি কলেজের পেছনে প্রবাসী মিলনের বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানা হাওলাদারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রানা হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. দুলাল হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।