জহাঈীর জামালপুর জেলা প্রতিনিধি ঃ
জামালপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কাগজে-কলমে সচল থাকলেও বাস্তবে শিক্ষার্থী সংকটে চরম স্থবিরতার মুখে পড়েছে। প্রতিষ্ঠার দীর্ঘ তিন দশক পর প্রতিষ্ঠানটিতে অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। খাতার পাতায় দুই শতাধিক শিক্ষার্থী থাকলেও বাস্তবে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকে মাত্র ৫ থেকে ১০ জন। অথচ হাজিরা খাতায় নিয়মমাফিক নিয়মিত উপস্থিতি দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধা আত্মসাতের পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ১৯৯৩ সালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের পাইকারবাড়ী উত্তরপাড়া নদীপাড় গেসে ওঠা সামছুন্নাহার মোহাম্মদিয়া মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবী মো: জাহাগীর আলমের অর্থায়নে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০১ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘদিন সুনামের সঙ্গে পরিচালিত হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি বেহাল দশায় পড়েছে।
সম্প্রতি সরেজমিন ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায় এক করুণ চিত্র। কাগজে-কলমে ২৩৬ জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও বাস্তবে উপস্থিত পাওয়া গেছে মাত্র ১১ জনকে। অথচ শিক্ষক ও কর্মচারীদের দাবি ও হাজিরা খাতার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। হাজিরা খাতায় নিয়ম বহির্ভূত ভাবে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি দেখানো হচ্ছে—যা নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, প্রতিষ্ঠানে নিয়মিত মানসম্মত পাঠদান না হওয়ায় অভিভাবকরা তাদের মেয়েদের এই মাদ্রাসায় পাঠাতে চরম অনীহা প্রকাশ করছেন। ফলে দিন দিন শিক্ষার্থী শূন্য হয়ে পড়ার উপক্রম হয়েছে।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১৪ জন শিক্ষক ও ৫ জন কর্মচারীসহ মোট ১৯ পদের জনবল রয়েছে- নিয়মিত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করলেও শিক্ষার্থীদের এমন নামমাত্র উপস্থিতি এবং খাতায় জালিয়াতির মাধ্যমে উপস্থিতি দেখানোর বিষয়টি নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
শিক্ষার্থী সংকট ও অনিয়মের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান মল্লিক সাংবাদিকদের অদ্ভুত এক অজুহাত দিয়ে বলেন এলাকায় কিছু লোক শিক্ষার্থী উপস্থিত কম হয়
সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করলেও ক্লাসে শিক্ষার্থী না থাকা এবং হাজিরা খাতায় জালিয়াতির এই বিষয়টি জনস্বার্থের পরিপন্থী বলে মনে করছেন স্থানীয়রা। মাদ্রাসার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং এ ধরনের অনিয়মের পেছনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।