সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কালু হালদার (৩৫) ও ইব্রাহীম সরদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার কালু হালদার বালোকদিয়া গ্রামের বীরেন হালদারের ছেলে এবং ইব্রাহীম সরদার একই গ্রামের দেলোয়ার সরদারের ছেলে। অভিযানে তাঁদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে ঝালকাঠি থানা-পুলিশের অভিযান অব্যাহত থাকবে।