আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরে চলন্ত ট্রেনের সাথে ধাক্কা লেগে শাহানুর ওরফে বাবু মিয়া (২২) নামের গেটম্যানের মৃত্যু হয়েছে। সে আদমদীঘি উপজেলার কাল্লাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে। শনিবার বিকেল সোয়া ৫টায় সান্তাহার পোঁওতা রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
পৌঁওতা গ্রামের স্থানীয় বাসিন্দা নিপু চৌধুরী জানান, শনিবার বিকেলে শাহানুর ওরফে বাবু মিয়া ও আনারুল ইসলাম নামের দুই গেটম্যানের ডিউটি সান্তাহার স্টেশনের উত্তরে পৌঁওতা রেলগেটে ছিল। বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্ত:নগর একতা ট্রেনটি গেট অতিক্রম করার জন্য কর্তব্যরত গেটম্যানরা গেট বন্ধ রাখে। এ সময় ট্রেনটি গেট অতিক্রম করার সময় শাহনুর ওরফে বাবু মিয়া গেটের পাশে ঘোরাঘুরি করার সময় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাদী না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।