সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির নলছিটিতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদকসেবনের অভিযোগে আপন রহমান সজীব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে নলছিটি উপজেলার বহরামপুর এলাকায় মোঃ আলতাফ হোসেন হাওলাদারের দোকানের পূর্ব পাশে ইটের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ মোস্তফা কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে নেশাজাতীয় দ্রব্য সেবনরত অবস্থায় আপন রহমান সজীবকে আটক করা হয়।
পরবর্তীতে ডোপ টেস্টে তার শরীরে অবৈধ ক্যানাবিনয়েডস (Cannabinoids-ICT) পজিটিভ পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় নলছিটি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে কোনো মাদকদ্রব্য বা অন্যান্য আলামত জব্দ করা হয়নি।