মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মুন্ডুমালা মহিলা কলেজের সামনে ড্রেনের পানি উপচে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে একদিকে যেমন সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীদের। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করলেও ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় ময়লা-আবর্জনাযুক্ত পানি রাস্তার ওপর জমে থাকে। অনেক সময় দিনের পর দিন পানি জমে থাকায় আশপাশের পরিবেশ দূষিত হয়ে পড়ছে। সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ। নোংরা পানির ওপর দিয়ে শিক্ষার্থীদের বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে। এতে কোমলমতি শিশুদের পাশাপাশি কলেজপড়ুয়া ছাত্রীদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় ও পানি বেড়ে গেলে চলাচল আরও দুরূহ হয়ে ওঠে।
এ বিষয়ে মুন্ডুমালা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কফিল উদ্দিন আহমেদ টিটো বলেন, মুন্ডুমালা মহিলা কলেজের সামনে ড্রেনের পানি নিষ্কাশন না হওয়ায় তা রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাচ্ছে এবং নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিদিন স্কুলের শিশু, কলেজের ছাত্রী এবং সাধারণ মানুষকে এই দূষিত পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়ছে না।
তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তদারকি বা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। জনস্বার্থে দ্রুত সরেজমিন পরিদর্শন করে ড্রেনের পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দা জিয়াউর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা কোন দেশে বাস করছি? নিয়মিত পৌরকর দিয়েও যদি পৌরসভার নাগরিক সুবিধা না পাই, তাহলে আমাদের দুর্ভোগ দেখবে কে? প্রতিদিন ময়লা-আবর্জনা ও নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। অথচ এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।’
একই এলাকার বাসিন্দা হাসান বলেন, ‘নামেই আমরা পৌরসভার বাসিন্দা। অথচ আমাদের চলাচলের রাস্তায় নোংরা ও দূষিত পানি জমে থাকে। সেই পানির ওপর দিয়েই প্রতিদিন চলাচল করতে হচ্ছে। দুর্গন্ধে পরিবেশে থাকা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি দেখার যেন কেউ নেই।’
এদিকে মুন্ডুমালা মহিলা কলেজের কয়েকজন ছাত্রীও এ প্রতিবেদকের কাছে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, কলেজে যাতায়াতের সময় নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয়। অনেক সময় দুর্গন্ধে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়ে। পোশাক ও জুতা নোংরা হওয়ার পাশাপাশি পিছলে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ড্রেনের পানি সরিয়ে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।
স্থানীয়দের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে এমন অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করা অত্যন্ত উদ্বেগজনক। নিয়মিত পানি জমে থাকলে পরিবেশ দূষণের পাশাপাশি মশা-মাছির উপদ্রব ও রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এতে শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
সচেতন মহলের প্রশ্ন, পৌরসভার নাগরিকদের কাছ থেকে নিয়মিত কর আদায় করা হলেও গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার এমন বেহাল দশা কেন? শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে প্রতিদিন শিক্ষার্থীদের যাতায়াতে এমন দুর্ভোগ চলতে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়?
এ অবস্থায় মুন্ডুমালা পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত সরেজমিন পরিদর্শন করে ড্রেনের পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা, ড্রেন পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে ড্রেনের পানি সড়কের ওপর উঠে না আসে, সে জন্য কার্যকর ও টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের।