শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত এ সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন মো. এহসানুল হক মুকুল (বিসিএস স্বাস্থ্য) সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম, অভিভাবক প্রতিনিধি কামরুল হাসান এবং শিক্ষক প্রতিনিধি মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. এহসানুল হক মুকুলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা বেগম তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা, পাঠদানের পরিবেশ আরও উন্নত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে মো. এহসানুল হক মুকুল তাঁকে এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিষ্ঠানের উন্নয়নে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
তিনি বলেন, “বিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের বিশেষ সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।