নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকদের অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মুনিরুল হক নোবেল ও মহাসচিব মো. খালেদুজ্জামান বুলবুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।
সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান সৈয়দ মুনিরুল হক নোবেল ও মহাসচিব মো. খালেদুজ্জামান বুলবুল এক বিবৃতিতে বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও অসংগতি তুলে ধরেন। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে প্রাণ হারাতে হওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ধরনের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যার পেছনের কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা চালানোর সাহস না পায়।
তারা আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বাংলাদেশ ন্যাশনাল প্রেস ক্লাবের চেয়ারম্যান ও মহাসচিব নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিক হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।