তাজমিনুল তরুন, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফয়সল আমিন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য হয়।
শূন্য হওয়া এ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনকে মনোনয়ন দেওয়া হয়। রোববার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, ঠাকুরগাঁও-১ আসনকে নিয়ে তাঁর একটি স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চান। একই সঙ্গে তিনি নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।