সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য ঝালকাঠি গড়ার লক্ষ্যে শহরের কলেজ মোড় সংলগ্ন বিকনা খাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
২৭ ও ২৮ সেপ্টেম্বর জেলা প্রশাসন, ঝালকাঠি পৌরসভা, পরিবেশ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী, বিডি ক্লিন ও স্থানীয় জনসাধারণের সমন্বিত উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে বিকনা খালের ওপর নির্মিত চারটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে দীর্ঘদিন ধরে জমে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
এতে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশ ও জনসাধারণের চলাচলের পরিবেশ আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঝালকাঠি গড়ে তুলতে অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য অপসারণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।