সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি জেলা প্রতিনিধি:-
গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ৯ দফা দাবি আদায় এবং উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৪৭) ও জাতীয়তাবাদী শ্রমিক দল ঝালকাঠি জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে ঝালকাঠি নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সংগঠনের সভাপতি মুহাঃ রাইসুল হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম স্বাক্ষর করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী থেকে নিয়মিতকরণের লক্ষ্যে ৬০২ জন ও ৮৯৩ জনের দুটি ফাইল বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দীর্ঘসূত্রিতা এড়িয়ে দ্রুত এসব ফাইল অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অনেক কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেছেন কিংবা বয়সজনিত কারণে অবসর নিয়েছেন। স্থায়ী সেটআপ ও পেনশনের সুযোগ না থাকায় এসব কর্মচারী ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। প্রায় ১ হাজার ৫০০ কর্মচারীকে দ্রুত পেনশনের আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া পৌনে দুইশ বছরের পুরোনো গণপূর্ত অধিদপ্তরের ড্রাইভার, মালি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ানসহ মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থায়ী সেটআপ বাস্তবায়নের দাবি জানানো হয়।
কর্মচারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে—সর্বস্তরের কর্মচারীদের পদোন্নতি প্রদান, দৈনিকভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ, ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা, বার্ষিক পোশাক প্রদান, টিনশেড বাসায় কর্মরত কর্মচারীদের উচ্ছেদ না করে অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে আবাসন নিশ্চিত করা এবং আবাসিক এলাকার পরিবেশ রক্ষা করা।
সমাবেশে বক্তারা দ্রুত ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন কর্মচারীরা।
কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দল ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মুহাঃ রাইসুল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম, ড্রাইভার রানা, ফয়সালসহ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।