মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা কিন্ডারগার্টেন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে গৌরী পাহান (৭) নামে এক স্কুলছাত্রী। আজ দুপুরে গোবরচাপা বাজার থেকে আনুমানিক ৩০০–৩৫০ মিটার দক্ষিণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত গৌরী পাহান চাপাইনগর গ্রামের খোকন পাহানের বড় মেয়ে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্কুল ছুটি শেষে গৌরী পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। সে গোবরচাপা বাজার থেকে দক্ষিণ দিকে প্রায় ৩০০–৩৫০ মিটার দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পিকআপটি ধাওয়া করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
এদিকে গৌরীর এমন অকাল ও নির্মম মৃত্যুতে তার পরিবার ও পুরো চাপাইনগর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।