সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে দোকানের সামনে ভ্যানগাড়িতে করে সবজি ও ফল বিক্রির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী ও পৌরবাসী। পাশাপাশি সড়কে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে ভ্যানগাড়ি দাঁড় করিয়ে দীর্ঘদিন ধরে সবজি ও ফল বিক্রি করা হলেও এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণের অভাব রয়েছে। এসব ভ্যানগাড়ির কারণে সড়কের একাংশ দখল হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে পথচারীদেরও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
সচেতন নাগরিকদের প্রশ্ন, সড়কের পাশে এভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোনো নির্ধারিত নিয়ম রয়েছে কি না এবং এসব ভ্যানগাড়ি থেকে কোনো ধরনের অর্থের বিনিময়ে ব্যবসা করার সুযোগ দেওয়া হচ্ছে কি না—তা খতিয়ে দেখা প্রয়োজন। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো অর্থ লেনদেনের তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির শীতলাখোলা মোড়ে সবজি বিক্রেতাদের জন্য বাজার বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। পৌর প্রশাসক কাউসার আহমেদের উদ্যোগে নির্ধারিত স্থানে বাজারের ব্যবস্থা করা হলেও অভিযোগ রয়েছে, অনেক বিক্রেতা সেখানে না বসে সড়কের পাশেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ পরিস্থিতিতে সচেতন নাগরিকদের দাবি, সড়কের পাশে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নির্ধারিত বাজারে ব্যবসায়ীদের বসানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।
এখন সচেতন মহলের প্রশ্ন—জনদুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর ব্যবস্থা নেবে!