সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি সদর উপজেলার
গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম জহিরউদ্দিন কবির ঝন্টুর উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের প্রধান প্রধান সড়কে শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এসএম জহিরউদ্দিন কবির ঝন্টু স্থানীয়দের কাছে পরিচিত মুখ। এর আগে ২০১৬ সালে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এবারের নির্বাচনকে ঘিরে ইউনিয়নজুড়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। স্থানীয়দের কেউ কেউ সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করছেন।
মোটরসাইকেল শোভাযাত্রা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম জহিরউদ্দিন কবির ঝন্টু বলেন, “বিগত দিনগুলোতে আমি এলাকাবাসীর পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি।
বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করেছি। আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে গাবখান ধানসিঁড়ি ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য।