তাজমিনুল তরুন ঠাকুরগাঁও :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রিজাইডিং অফিসারসহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেওয়ার আশঙ্কা রয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে সাক্ষাৎ করে মৌখিকভাবে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেলাওয়ার হোসেন বলেন, “আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য এসেছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। এ ধরনের নিয়োগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”
তিনি আরও বলেন, “নির্বাচনকালীন সময়ে প্রশাসনের নিরপেক্ষতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি প্রশাসন কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে কিংবা অভিযোগগুলো গুরুত্ব সহকারে তদন্ত না করে, তাহলে জনগণের আস্থা নষ্ট হবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।”
জামায়াত প্রার্থী অভিযোগ করেন, অতীত অভিজ্ঞতার আলোকে তারা আশঙ্কা করছেন—নির্বাচন ব্যবস্থাপনায় অনিয়ম হলে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই আগেভাগেই বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আনতে তারা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জামায়াত প্রার্থীর উত্থাপিত অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং বিষয়গুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান মো. দেলাওয়ার হোসেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, নির্বাচন কমিশন ও প্রশাসন যদি সক্রিয়, নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করে, তাহলেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। একই সঙ্গে তারা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।