মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে কাঁকড়া আহরণ শেষে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের আওতাধীন বাটলুয়া নদীসংলগ্ন হেতালবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই জেলে হলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের ওসমান সরদারের ছেলে তরিকুল ইসলাম (৩২) এবং তাহের সরদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)। তারা কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়েছিলেন।
আহতদের স্বজনদের সূত্রে জানা যায়, কাঁকড়া আহরণ শেষে রাতে তারা নৌকায় ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্বজনরা সুন্দরবনে গিয়ে তাদের উদ্ধার করেন।
আহতদের প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহতদের চাচা আব্দুল গনি সরদার জানান, সকালে সাইদ নামে এক জেলের মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে দ্রুত সুন্দরবনে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি হেতালবুনিয়া খালের চরে দুই ভাতিজাকে কুপিয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ওয়ার্ডের দুই জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কাঁকড়া আহরণ শেষে তারা নৌকায় ঘুমিয়ে ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে হামলাকারীদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সুন্দরবনে কর্মরত স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কয়রা থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আহত জেলেদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।