জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
জামালপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়ির লোকজনের হামলায় আব্দুল হাকিম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।
জামালপুর সদর উপজেলার ,ঝাউলা গোপালপুর টিপা বাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। কয়েক মাস আগে আব্দুল হাকিম তার ছেলে শামীমের বিয়ে দেন পাশের নরুন্দি ইউনিয়নের কোচনধরা গ্রামের কাদেরের মেয়ের সঙ্গে শরীয়ত অনুযায়ী বিয়ে হয় ৷ তার কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়৷ সর্বসময় লেগেই ছিল স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া বিবাদ৷
অভিযোগ রয়েছে, শামীমের স্ত্রী দাবি করেন তার স্বামীর উপার্জনের অর্থ শ্বশুর-শাশুড়ির খরচে জন্য ব্যয় করা যাবে না। এ বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবনে অশান্তি ক্রমেই বাড়তে থাকে।
গত ১ অক্টোবর রাত প্রায় ৯টার দিকে শামীম ঢাকা থেকে বাড়িতে ফিরে এসে স্ত্রীর সঙ্গে সমঝোতার উদ্দেশ্যে শ্বশুরবাড়ির স্বজনদের খবর দেন৷ এ সময় শামীমের শশুর বাড়ির লোকজন আব্দুল হাকিমও সঙ্গে কথা বলার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন অতর্কিতভাবে আব্দুল হাকিমের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে জামালপুর সদর থানায় প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে৷
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশের নজরদারি রাখা হয়েছে।