মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণ।
এ ঘটনায় এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ মনে করেন, গাজীপুর-৫ আসনের একজন অভিজ্ঞ, দক্ষ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
স্থানীয়দের ভাষ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এ কে এম ফজলুল হক মিলন প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করা, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা এলাকাবাসীর।
গাজীপুর-৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, নতুন দায়িত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার পাশাপাশি ফজলুল হক মিলন এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিকদের প্রত্যাশা পূরণে আরও সক্রিয় ভূমিকা রাখবেন। তাঁর নেতৃত্বে গাজীপুর-৫ আসনের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ উপলক্ষে গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন এলাকাবাসী।