মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলায় পুলিশের অভিযানে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই ২০২৬) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ৪ নম্বর পারইল ইউনিয়নের পারইল মাঝিপাড়া গ্রামের মো. লিটন হোসেন (৩৮), পিতা- মো. গফুর হোসেন (দুলু)-এর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় বাড়ির শয়নকক্ষের চালের ড্রামের ভেতর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন আনুমানিক ৯ দশমিক ৫ কেজি।
পুলিশ জানায়, স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা হতে পারে।
এ ঘটনায় রানীনগর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত শেষে উদ্ধার হওয়া মূর্তিটির প্রকৃত উৎস ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।