মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ শহরের মাদকের অন্যতম ডিলার হিসেবে পরিচিত সুমনসহ তিনজনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২৬ মে) মধ্যরাতে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ শহরের চকপ্রাণ এলাকার শামসুর রহমানের ছেলে সুমন (৩২), বাংলাবাড়িয়া মুন্সিপাড়া এলাকার মৃত নরেশ রবিদাসের ছেলে শান্ত রবিদাস (২২) এবং চকমুক্তার এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে সাকিব হোসেন মিম (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কাছে তথ্য আসে যে, সুমন নামে এক মাদক ব্যবসায়ী বিভিন্ন ব্যক্তির মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে নওগাঁ শহরের সুইপার কলোনিসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। এতে উঠতি বয়সী তরুণ-তরুণীরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে। বিষয়টি আমলে নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সুমনের দুই সহযোগী ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবার চালান নিয়ে নওগাঁ আসছে। পরে মধ্যরাতে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় সাদা পোশাকে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়।
এসময় শাহ ফতে আলী পরিবহনের একটি বাস কাউন্টারের সামনে পৌঁছালে ডিবি সদস্যরা বাসে তল্লাশি চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দ্রুত বাস থেকে নেমে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়।
তল্লাশিকালে শান্ত রবিদাসের কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে ছোট সাউন্ড বক্সের মধ্যে বিশেষ কায়দায় রাখা তিনটি জিপার প্যাকেট থেকে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই তার সহযোগী সাকিব হোসেন মিমকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শান্ত রবিদাস স্বীকার করেন যে, ইয়াবার চালানটি সুমনের নির্দেশে আনা হয়েছে এবং সুমন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছিলেন চালান গ্রহণের জন্য। পরে তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে বাস টার্মিনাল এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।