বৃহস্পতিবার (১ অক্টোবর) কুলিয়ারচর উপজেলার নাজিরদীঘি কৃষি ব্লক সহ সারা দেশে মোট ৭১ টি উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্তৃক ফেনী জেলায় কৃষক কার্ড বিতরণ ও দেশের বিভিন্ন কৃষি ব্লকে কৃষকদের প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। এতে অংশ নেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম এমপি।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ সরকারি কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় কৃষকদের জন্য একটি মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ সৃষ্টি হলে উৎপাদিত ফসল দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি কমবে এবং কৃষকরা তাদের পণ্য সংরক্ষণ করে সুবিধাজনক সময়ে বাজারজাত করতে পারবেন।
এদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় অটোরিকশা বিতরণ কার্যক্রমও অনুষ্ঠিত হয়। পুনর্বাসনের মাধ্যমে ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে এসে উপকারভোগীদের আয়মুখী কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কৃষক কার্ড কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন কৃষি ব্লকে কৃষকদের কৃষি উপকরণ কেনার জন্য প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১ অক্টোবরের পাইলট পর্যায়ের কার্যক্রমে দেশের বিভিন্ন উপজেলা ও কৃষি ব্লকের কৃষকদের এ সহায়তা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়া, কৃষিপণ্য সংরক্ষণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে সরকারি কর্মসূচিগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।