সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি :-
ঝালকাঠিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‘ শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি।’এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝালকাঠি সনাকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত। সনাক সদস্য কবিতা হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সনাক সদস্য মো. নজরুল ইসলাম তালুকদার, সনাকের পরিবেশ বিষয়ক উপকমিটির আহ্বায়ক ইসমাঈল হোসাইন,ধারণাপত্র পাঠ করেন ইয়েস দলনেতা তামান্না ইসলাম, ইয়েস সদস্য সায়েম কাজী এবং এসিজি সহ সমন্বয়ক নাইম উদ্দিন।
মানববন্ধনে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নির্মূলে টিআইবির পাঁচ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশে জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপূর্ণ কাজের তালিকাভুক্ত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তদারকি জোরদার, শ্রম আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতি সত্যবান সেনগুপ্ত বলেন, শিশুর হাতে বই, খাতা ও স্বপ্ন থাকার কথা। কিন্তু দুঃখজনকভাবে অনেক শিশু আজও জীবনের ঝুঁকি নিয়ে বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের মতো কাজে নিয়োজিত। শিশুশ্রম শুধু তাদের শৈশবই কেড়ে নেয় না, বরং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের পথও বাধাগ্রস্ত করে। একটি মানবিক ও উন্নত সমাজ গঠনে শিশুশ্রমের কোনো স্থান নেই। বর্জ্য ব্যবস্থাপনা খাতসহ সব ক্ষেত্র থেকে শিশুশ্রম নির্মূলে সরকার, স্থানীয় প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ নেন। এ সময় অংশগ্রহণকারীরা শিশুশ্রমবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং শিশুশ্রম নির্মূলে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।