সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
মা ইলিশ রক্ষা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ ধরার জাল এবং ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নদী থেকে এসব অবৈধ জাল ও মা ইলিশ উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো উপস্থিত সবার সামনে বিধিমোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অন্যদিকে, উদ্ধার করা ৫ কেজি মা ইলিশ নলছিটির মল্লিকপুর জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করা এবং ইলিশের উৎপাদন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।