আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের ভেনল্যা গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে পরমেশ্বর রায় নামে এক কৃষককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে আহত পরমেশ্বরের ছোট ভাই পরিমল চন্দ্র রায় বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভেনল্যা গ্রামের ৩৪৩ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমির মালিকানা নিয়ে উচ্চ আদালতে (এফএমএ নং-৯১/২০২৬) মামলা চলমান রয়েছে। এ বিষয়ে হাইকোর্ট ছয় মাসের জন্য জমিতে স্থিতাবস্থার আদেশ দেয়।
আদালতের আদেশ উপেক্ষা করে গত ১৭ নভেম্বর দুপুর ১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে ধান কাটতে শুরু করেন। এ সময় বাদী পরিমল চন্দ্র রায়, তাঁর বড় ভাই পরমেশ্বর, ছেলে সবুজ ও ভাতিজা প্রণয় বাধা দিতে গেলে তাঁদের লাঠি দিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের সুজেন্দ্র নাথ বর্মনের লাঠির আঘাত ঠেকাতে গিয়ে পরমেশ্বরের বাম হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝখানে গুরুতর রক্তাক্ত জখম হয়। এছাড়া অভিযুক্তরা ওই জমির প্রায় ৪ বিঘা থেকে ৬৪ মণ ধান কেটে নিয়ে গেছেন। একই সঙ্গে বাকি ১৮ বিঘা জমির ধানও জোর পূর্বক কেটে নেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।