মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিয়ামতপুর উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় স্থাপিত পুলিশের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৮ জনের একটি ডাকাত দল পিকআপ নিয়ে ডাকাতির উদ্দেশ্যে নিয়ামতপুরের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। পরে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক মাহবুবের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাত দলের অপর ৩-৪ জন সদস্য কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে মো. রেজাউল করিম ওরফে লসিমন (৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার বাবু মিয়ার ছেলে মো. সাগর এবং নওগাঁ সদর উপজেলার চক গোয়ালী গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৩)।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে ডাকাতি ও চুরিসহ ৮টি, সাগরের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসংক্রান্ত ৫টি এবং রিমন হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ চক্রটি এর আগে রাজশাহী, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনায় জড়িত ছিল।
পলাতক সদস্যদের নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিরাপত্তা টহল, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।