আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চা-বাগান হরিজন কলোনীতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তার ঘরে ঢুকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রুপার অলংকার ও নগদ ৪৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে । এ ঘটনায় গতকাল শনিবার আদমদীঘি থানায় ভুক্তভোগী তরুণ বাসফোর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তরুণ বাসফোর সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত। তিনি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর ভাগনির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বগুড়ায় যান।
পরের দিন শুক্রবার রাত ৩ টায় তাঁর প্রতিবেশী মামা রাহুল বাসফোর মোবাইল ফোনে তাকে জানান, চোরেরা তার বাড়িতে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে চলে গেছে। খবর পেয়ে ওই দিন ভোর সাড়ে ৪ টায় বাড়িতে ফিরে তরুণ বাসফোর দেখতে পান ঘরের সব কাপড় চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। ড্রেসিং টেবিলের তালা ভাঙা এবং ভেতরে থাকা স্বর্ণালংকার, রুপার অলংকার ও নগদ টাকা চুরি হয়ে গেছে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।