জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মাঝপাড়া গ্রামে যুবসমাজের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভায় আবেগঘন বক্তব্য দিয়েছেন নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুফিয়ান কবির শিপন। নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ, কারাবাস ও পারিবারিক বেদনার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গিয়ে এমন এক সময় কারাবরণ করতে হয়েছে, যখন তাঁর অনাগত সন্তান পৃথিবীতে আসার অপেক্ষায় ছিল।
বক্তব্যে সুফিয়ান কবির শিপন বলেন, “আপনাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হিসেবে পরিচিত পুলিশের হাতে অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছিল আমাকে। তখন আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান পৃথিবীতে আসার পরও বাবা হিসেবে তার মুখ দেখার সৌভাগ্য হয়নি আমার। দিনের পর দিন, রাতের পর রাত কাটাতে হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে।”
তিনি আরও বলেন, “সেই কঠিন সময়ে আমি নিজের পরিবারের কাছেও থাকতে পারিনি। তবু আপনাদের অধিকার ও মানুষের পাশে থাকার প্রত্যয় থেকে সরে আসিনি। আমি বিশ্বাস করি, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে আপনাদের ভালোবাসায় বুকে টেনে নেবেন। আসন্ন নরুন্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সমর্থন ও ভালোবাসাই আমার প্রত্যাশা।”
আবেগাপ্লুত কণ্ঠে সুফিয়ান কবির শিপন বলেন, “আমি ভেবেছিলাম, আপনারাই আমার সন্তান, আপনারাই আমার মা-বাবা, আপনারাই আমার পরিবার। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার যে অঙ্গীকার করেছি, তা যেন জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করতে পারি—সেই দোয়া ও সহযোগিতা চাই।”
নির্বাচনী প্রচারণার এ সভায় তিনি এলাকাবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা, মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে সুফিয়ান কবির শিপনের এ বক্তব্য উপস্থিত মানুষের মধ্যে আবেগ ও আলোচনার সৃষ্টি করে।