মোঃ রাজু রানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার পথে এগিয়ে যাচ্ছে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ সময় পর দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। এটি গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক অগ্রগতি।”
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এ জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে আবারও এই আসনে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, “আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি—জনগণের জন্য কাজ করার আরেকটি সুযোগ পেয়েছি। যদি জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারি, তবে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।”
তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, সামাজিক পরিবেশের উন্নতি, আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি তাঁর প্রধান অগ্রাধিকার হবে। পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ সময় এলাকার ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আগের মতোই আপনাদের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করি। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।”
এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন।