জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের একটি বাড়িতে চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও চারটি থ্রি পিস উদ্ধার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারী ও তার স্বামীকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘোড়াধাপ ইউনিয়নের রতনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহের তীর ছিল পাশের বাসার ভাড়াটিয়া সাবিনা ও তার স্বামী ইউনুছের দিকে। পরে ভুক্তভোগী মাকসুদা বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে খুলনা থেকে সাবিনা ও তার স্বামী ইউনুছকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী থেকে চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও চারটি থ্রি-পিস উদ্ধার করা হয়েছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই রূপন কুমার সরকার এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানিয়েছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা কাজ করেন।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক বলেন, “মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামালের একটি অংশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।”
আটককৃত আসামিদেরকে আজ বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে