আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও ম্যানেজারের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বড় আখিড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর কবির ছিলেন ব্যুরো বাংলাদেশ এর সান্তাহার শাখার ম্যানেজার। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সার বোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করার সময় পিছনের দিকে চলে এলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এবং চালক সেকেন্দার আলীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার উপ-পরিদর্শক আরাফাত জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।