সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ঝালকাঠিতে প্রস্তুতি সভা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার, সদস্য সচিব মো. আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদুর রহমান আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ সংকট উত্তরণে নতুন পথ খুঁজে পেয়েছিল। ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, জাসাস ও মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার, বিকেল ৩টায় জেলা বিএনপি কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি এবং বিকেল সাড়ে ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।