মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের নওগাঁ-বদলগাছী সড়কের কাউয়াতলী মোড় এলাকায় দারোগার ইটভাটার কাছে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সড়কে ডাকাতির প্রস্তুতির জন্য কয়েকজন ব্যক্তি ওই এলাকায় জড়ো হয়েছিলেন। এ সময় নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার আনন্দনগর এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. মাসুদ (৩৫), উকিলপাড়া এলাকার মো. ভুট্টু কসাইয়ের ছেলে মো. হাসান (৩২) এবং আনন্দনগর এলাকার মৃত সামাদ দেওয়ানের ছেলে মো. সজীব দেওয়ান (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা চাইনিজ কুড়াল, রশি, হাসুয়া, বাঁশ ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। এ ছাড়া তাঁরা চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত এবং বৈদ্যুতিক লাইন, মিটার ও তার কাটায় পারদর্শী বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।