বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটলী গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক ও কয়েকটি গবাদিপশু দগ্ধ হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাড়ির মালিক কৃষক মহিরোত আলী দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। কৃষক মহিরোত আলী সহ দুই ছেলে জালাল ও মাসুদের কয়েকটি গরু দগ্ধ হয়েছে।
চিকিৎসকদের ভাষ্যমতে, কৃষক মহিরোত আলীর অবস্থা আশঙ্কাজনক।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়, রাতের নির্জনতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই বসতঘরের বিভিন্ন অংশ পুড়তে শুরু করে। এসময় পরিবারের সদস্যরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষক মহিরোত আলী সহ দুই ছেলে জালাল ও মাসুদের কয়েকটি ৭টি গরু ও ৩টি ছাগল দগ্ধ হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মহিরোত আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, পুড়তে পুড়তে সব শেষ হয়ে যেতে দেখেছি। আমার সব শেষ হয়ে গেছে। আমি সহ কয়েকটি গরু-ছাগল কয়েলের আগুনে পুড়ছে।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্জন কুমার দাস জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে সহায়তা প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।