মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
নওগাঁর বদলগাছীতে নতুন সংগঠন “পেশাদার সাংবাদিক ঐক্য ফোরাম” গঠনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংগঠনটির আত্মপ্রকাশের পর অনেক সাংবাদিক প্রশ্ন তুলেছেন, এটি কী উদ্দেশ্যে গঠিত হয়েছে এবং এর কার্যক্রম কী হবে সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সংগঠনটি গঠনের আগে উপজেলার অধিকাংশ কর্মরত সাংবাদিকের সঙ্গে কোনো ধরনের মতবিনিময় বা আলোচনা করা হয়নি। ফলে সংগঠনটির গঠন প্রক্রিয়া, সদস্য নির্বাচন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সাংবাদিক মহলের কয়েকজন সদস্য জানান, বদলগাছীতে ইতোমধ্যে একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে। নতুন কোনো সংগঠন গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পেশাদার সাংবাদিকের অংশগ্রহণ, মতামত গ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন ছিল। কিন্তু এ ক্ষেত্রে সে ধরনের উদ্যোগ দৃশ্যমান হয়নি বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সাংবাদিকদের মধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন, সংগঠনটির গঠনতন্ত্র, লক্ষ্য-উদ্দেশ্য, সদস্যপদ গ্রহণের নীতিমালা এবং সাংবাদিকদের কল্যাণে সম্ভাব্য কর্মপরিকল্পনা কী। এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ না হওয়ায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
তবে অপরদিকে কয়েকজন সাংবাদিক মনে করেন, নতুন কোনো সংগঠন যদি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন, ঐক্য প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখতে পারে, তাহলে তা সাংবাদিক সমাজের জন্য ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে পারে।
সংশ্লিষ্টদের মতে, সংগঠনটির কার্যক্রম, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তিমূলক ভূমিকার মাধ্যমেই ভবিষ্যতে এর গ্রহণযোগ্যতা নির্ধারিত হবে। এখন দেখার বিষয়, নবগঠিত “পেশাদার সাংবাদিক ঐক্য ফোরাম” বদলগাছীর সাংবাদিক সমাজে ঐক্য, পেশাগত মর্যাদা ও কল্যাণে কতটা কার্যকর অবদান রাখতে পারে।