আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক সমস্যার জেরে এক প্রবাসীর স্ত্রী নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা উপজেলার খাদ্য গুদামের পাশের ইছামতী খালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রাইছা (৮)। সে বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচাইয়া হাজী আফজাল আহমদের বাড়ির প্রবাসী কায়সারের মেয়ে। তিন সন্তানের মধ্যে রাইছা ছিল সবার ছোট। সে সদরের একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী ছিল।
তার মা জান্নাতুল ফেরদৌস (৩২) চাতরী ইউনিয়নের সুজারমল্লা পাড়ার আব্দুল লতিফের মেয়ে।
জান্নাতুল ফেরদৌসের মা খদিজা আক্তার অভিযোগ করেন, শাশুড়ির নির্যাতনের কারণেই তার মেয়ে নাতনিকে নিয়ে খালে ঝাঁপ দেয়। এ ঘটনার জন্য তিনি মেয়ের শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করেন।
ফায়ার সার্ভিস আনোয়ারা স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, এক ভ্যানচালকের মাধ্যমে খবর পেয়ে দুপুর পৌণে ১টার দিকে মা ও মেয়েকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুছার্রাত জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। তার মা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তার মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)-এ রেফার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।