মোঃ জাহিদ,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জিএম মোর্শেদ। তিনি নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সদস্য এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গণসংযোগকালে আসন্ন নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নৈয়ারী বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন জিএম মোর্শেদ। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং তাঁদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে জিএম মোর্শেদ বলেন, “জনগণের কল্যাণ ও স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। সুযোগ পেলে নথুল্লাবাদ ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের সহযোগিতায় গুরুত্ব দিয়ে কাজ করব।”
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময়ে জিএম মোর্শেদ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ কারণে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে বলে জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ বলেন, “জিএম মোর্শেদকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। বিভিন্ন সময়ে তাঁকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। তিনি এলাকার মানুষের জন্য আরও কাজ করতে চান।”
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে জিএম মোর্শেদ বলেন, “আমি জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। জনগণ আমাকে দায়িত্ব দেওয়ার সুযোগ দিলে তাঁদের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নিজেকে অঙ্গীকারবদ্ধ রাখব।”
গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন।