মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁয় জেলা কারাগারের হাজতি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রশিদ (৫৫) নওগাঁ জেলার রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দু প্রামাণিকের ছেলে। তিনি কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রাণীনগর উপজেলার কুজাইল গ্রামে রাণীনগর থানা পুলিশ ‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-টু’ অভিযান পরিচালনা করে। অভিযানে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই অভিযানে মোতালেব হোসেন নামে এক যুবলীগ নেতাকেও গ্রেপ্তার করে পুলিশ।
নওগাঁ জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ জানান, আব্দুর রশিদ বিস্ফোরক আইনের একটি মামলায় কারাগারে ছিলেন। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু জার গাফফার জানান, বিকেল ৪টা ১০ মিনিটে কারা কর্তৃপক্ষ আব্দুর রশিদকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে বলে জানা গেছে।