আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পরিবহন শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকে কেন্দ্র করে কোতোয়ালি থানা পুলিশের উপস্থিতিতেই দুর্বৃত্তদের সাথে পরিবহন শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে সড়ক অবরোধ কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ আগস্ট রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে শেখ বাদশা গ্রেপ্তার হন। গ্রেপ্তারের পরপরই ২৭ আগস্ট সকালে থানা চত্বরে দুর্বৃত্তদের সাথে পরিবহন শ্রমিকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ বেঁধে যায়। থমথমে পরিস্থিতিতে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং ইটপাটকেল ছোঁড়াছুড়িতে অন্তত ২ থেকে ৩ জন গুরুতর আহত হন, যাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এই ঘটনার জেরে মধ্যরাত থেকেই ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, দশমাইল মোড়সহ শহরের প্রধান কৌশলগত পথগুলোতে বাস-ট্রাক আড়াআড়ি করে রেখে সড়ক অবরোধ (ব্লকেড) সৃষ্টি করে।
২৭ আগস্ট সকাল থেকে এই অবরোধের ফলে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ আশেপাশের জেলাগুলোর দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটের সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আকস্মিক ও সর্বাত্মক এই ধর্মঘটের কারণে ভোগান্তির চূড়ান্ত সীমায় পৌঁছেছেন সাধারণ মানুষ। বিশেষ করে সকালে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী চাকুরিজীবীরা। বহু পথচারীকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
থানা চত্বরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও অভ্যন্তরীণ উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।