সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
সবুজ বাংলাদেশ গড়তে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ” কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারিয়ার, এপিএস গোলাম আজম সোহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আক্কাস সিকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির আওতায় জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটিতে ৪০টি করে গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষপ্রেম জাগ্রত করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি একটি জাতীয় আন্দোলন হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।