সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি সদর পৌরসভার সমস্যা, সম্ভাবনা এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঝালকাঠি জেলা্য শিল্পকলা একাডেমিতে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ড. মোহাম্মদ হুমায়ুন কবীর।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।
সংলাপে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি, সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংলাপে অংশ নেন। অংশগ্রহণকারীরা পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরে বাস্তবসম্মত সমাধানের প্রস্তাব দেন এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব ঝালকাঠি পৌরসভা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।