মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে আলেম সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সম্মিলিত ওলামা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুস সবুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবু জার গিফারী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী এবং সদর আমীর হাফেজ আব্দুল আলীম। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন,“দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ইনসাফভিত্তিক একটি ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের ভূমিকা অপরিসীম। শুধুমাত্র আলেম সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি নৈতিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, ইমাম, খতিব ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন জাতীয় নির্বাচন, নৈতিক রাজনীতি ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।