শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর বাজারস্থ বীরপ্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে এ পৌর কর মেলা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার।
এসময় পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলার আহবায়ক দায়িত্বরত পৌর কাউন্সিলর উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, পৌর বিএনপির ১নং সদস্য মো. সাইয়ুম সিদ্দিকী, দায়িত্বরত পৌর কাউন্সিলর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, দায়িত্বরত পৌর কাউন্সিলর কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, পৌরসভার দায়িত্বরত কাউন্সিলর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক, আজহার উদ্দিন লিটন, পৌরসভার কর নির্ধারক নারায়ন চন্দ্র ঘোষ, কর আদায়কারী শাহজাহান মিয়া, সহকারী কর আদায়কারী নয়ন চন্দ্র বর্মণ, সহকারী লাইসেন্স পরিদর্শক সানজিদা আক্তার সিফা, উচ্চমান সহকারী মো. মিনহাজুল ইসলাম ও একাউন্টস অফিসার বিধান চন্দ্র দাস সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে কুলিয়ারচর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত ৮ হাজার ১৪২ টি হোল্ডিং-এ মোট ১ কোটি ৫৬ লক্ষ ৬৪ হাজার ৩৬২ টাকা বকেয়া কর এখনো আদায় হয়নি। অপর দিকে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরেও ৬৭ লক্ষ ৯৯ হাজার ৯৯৫ টাকা কর ধার্য্য করা হয়। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরসহ এ পর্যন্ত অনাদায়ী মোট কর আছে ২ কোটি ২৪ লক্ষ ৬৪ হাজার ৩১৭ টাকা।
যারা মেলায় ২০২৪-২০২৫ অর্থ বছর পর্যন্ত বকেয়া কর পরিশোধ করিবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ১৫% ছাড়। চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের কর আদায়ের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ভাবে কর আদায় করা হবে।
মেলায় সর্বোচ্চ কর পরিশোধকারীকে পুরষ্কৃত করা হবে বলেও জানানো হয়।
মেলায় কর পরিশোধকারীদের জন্য আপ্যায়ন ও বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা রয়েছে।
পৌরসভার নাগরিকদের অবগতির জন্য আরো জানানো হয়। একটি অর্থ বছরকে চারটি ভাগে ভাগ করে পৌর কর আদায় করা হয়। অর্থ বছরের শুরুতে তিন মাসের মধ্যে যদি কেউ পৌর কর পরিশোধ করে তাহলে তাকে ১০% টাকা ছাড় দেওয়া হয়। দ্বিতীয় ভাগের তিন মাসের মধ্যে অর্থাৎ অর্থ বছরের ছয় মাসের মধ্যে যদি কেউ পৌর কর পরিশোধ করে তাহলে তাকে ৭.৫০% টাকা ছাড় দেওয়া হয়। তৃতীয় ভাগের তিন মাসের মধ্যে অর্থাৎ অর্থ বছরের নয় মাসের মধ্যে যদি কেউ পৌর কর পরিশোধ করে তাহলে তাকে ৫% টাকা ছাড় দেওয়া হয়।
অর্থ বছরের শেষ ভাগে তিন মাসে অর্থাৎ অর্থ বছরের নয় মাস থেকে অর্থ বছরের শেষ দিন পর্যন্ত পৌর কর পরিশোধ করিলে কোন ছাড় দেওয়া হয় না। অর্থ বছরের পরে কেউ পৌর কর পরিশোধ করতে চাইলে নিয়ম অনুযায়ী জরিমানাসহ পৌর কর পরিশোধ করিতে হয়।