আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) বকশীগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (১১ মে) সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে ওষুধ প্রতিনিধিদের নানা ধরনের হয়রানি, মানসিক চাপ ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই পেশাগত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ছাবিদুল ইসলাম। তিনি বলেন, “ওষুধ প্রতিনিধিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত না হলে দায়িত্ব পালন ব্যাহত হয়।”
সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল বলেন, “আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামিনি। আমাদের একটাই দাবি—নিরাপদ ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করা হোক এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা হোক।”
যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া বলেন, “মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও আন্তরিকতা পেলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারবো।”
ধর্ম বিষয়ক সম্পাদক সুলতানুল আরেফিন আদিত্য বলেন, “ওষুধ প্রতিনিধিরা মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এই পেশার মানুষের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর ফারিয়ার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফারিয়া বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।