তোতা মিয়া পঞ্চগড়
পরিবেশবাদী সামাজিক সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলনের সালমান কার্যক্রমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে স্থানীয় অসহায় সাধারণ মানুষ। সংগঠনটি পরিবেশের ভারসাম্য রক্ষায় নানামুখী কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত হলেও, বর্তমানে এতিম, অসহায় ও দুস্থ মানুষের জন্য ভরসার স্থান হিসেবে আবির্ভূত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু হলেও, বর্তমানে সামাজিক উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এতে উপকৃত হচ্ছে এখানকার সাধারণ মানুষ। জরুরী প্রয়োজনে রক্তদান, চিকিৎসা সহায়তা, দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আর্থিক অনুদান, শীতবস্ত্র, ত্রাণ সামগ্রী, খেলার সামগ্রী বিতরণ সহ একের পর এক জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। স্থানীয়রা জানান, যেকোনো জরুরী প্রয়োজনে সংগঠনের সাথে যোগাযোগ করলে, তারা সাধ্যমত সহযোগিতা, সঠিক পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। আমরা অনেকেই এই সংগঠন হতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুদান ও সহায়তা পেয়েছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী জানান, এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় শিক্ষা উপকরণ খাতা, কলম, স্কুল ব্যাগ, প্রাইভেট ফি, পরীক্ষার ফি, পরীক্ষার ফরম পূরণ এর ফি, স্কুল ড্রেস ও গাছের চারা আমরা পেয়েছি। এছাড়াও আমাদের কোন কিছুর প্রয়োজন হলে আমরা যোগাযোগ করি। পরবর্তীতে তারা নিজেরাই এসে আমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন কিছু আমাদের দেন। এছাড়াও আমরা একাধিকবার আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী পেয়েছি। এই সংগঠনের এমন মহৎ উদ্যোগের জন্য আমরা সকলেই সংগঠনের নিকট চির কৃতজ্ঞ। আমরা চাই সকলের সহায়তায় সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাক। এ বিষয়ে পঞ্চগড় সবুজ আন্দোলন এর চেয়ারম্যান রসুল বকস মানিক বলেন, মূলত পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে আমরা এই সংগঠন গড়ে তুলি। কিন্তু পরবর্তীতে অসহায় মানুষের অসহায়ত্ব ও তাদের প্রয়োজনে তাগিদে শুধু পরিবেশ রক্ষার মাঝে সীমাবদ্ধ থাকতে পারেনি। এখন পর্যন্ত আমরা সরকারি বা বেসরকারি কোন অনুদান পাইনি। আমাদের পরিচালনা পরিষদের সদস্যদের আর্থিক অনুদান হতে আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয়। সকলের সহযোগিতা ও সুদৃষ্টি পেলে আমাদের এই কার্যক্রম ত্বরান্বিত হবে। আমরা মানুষের কল্যাণে যে কার্যক্রম চলমান রেখেছি সাধ্যমত ভবিষ্যতে অব্যাহত রাখব ইনশাল্লাহ।