আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
মোবাইল :০১৬৪০৭২৪২৩৩
জামালপুর, ১৭ ফেব্রুয়ারি: জামালপুরের কৃতি সন্তান ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আলহাজ্ব এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাঁকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) সহ পুরো জেলায় আনন্দের বন্যা বইয়ে দেয়। স্থানীয়রা আনন্দ প্রকাশে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আয়োজন করেন।
নবনিযুক্ত প্রতিমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেন, “দেশ ও জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতকে আধুনিক এবং বিশ্বমানের করে গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করে যাব।” তিনি তাঁর ওপর আস্থা রাখায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৭৩ হাজার ৬৫৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ৮২০ ভোট। ৭৫ হাজার ৮৩৬ ভোটের ব্যবধানে জয়ী হওয়ায় জাতীয় পর্যায়ে তাঁর এই সাফল্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন মিল্লাত দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের সাধারণ মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ নেতৃত্ব প্রদর্শন করে আসছেন, যা তাঁকে এলাকায় অত্যন্ত জনপ্রিয় করেছে।
আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
মোবাইল :০১৬৪০৭২৪২৩৩
১৭/২/২০২৬