দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নবাগত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহাদাত হোসেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি ফুলবাড়ী পৌরসভায় এসে পৌঁছালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল, উপ-সহকারী প্রকৌশলী মরিয়ম নেছা, প্রধান সহকারী মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন, লাইসেন্স পরিদর্শক পরিতোষ কুমার রায়, স্টোর কিপার রতন কুমার এবং জন্ম-মৃত্যু নিবন্ধন আইডি পরিচালনাকারী মো. আশরাফ পারভেজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, নবাগত পৌর প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল বিষয়ে পড়াশোনা শেষ করে ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এর আগে তিনি বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ফুলবাড়ী পৌরসভার বিদায়ী প্রশাসক মো. সামিউল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।
ব্যক্তিগত জীবনে এ. এস. এম. শাহাদাত হোসেন স্ত্রী ও এক পুত্র সন্তানের জনক। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর পৌরসভার বশিরপাড়া গ্রামে।
নবাগত প্রশাসকের যোগদানের মধ্য দিয়ে ফুলবাড়ী পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।