নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে অনুষ্ঠিত ফাইনালে কাঁটাপুকুর ফ্যান্টাস্টি ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পিপরাডাঙ্গা ফুটবল দল।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ, নাচোল, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের উপস্থিতিতে মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান ইমতিয়াজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা যুবদলের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য মো. আশিক মাহমুদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন নাচোল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য মো. আজিম উদ্দিন।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য মো. বাইরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল পৌর যুবদলের সভাপতি মো. নূহু আলম।
ফাইনালে দুই দলই জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিপরাডাঙ্গা ফুটবল দল। তাদের এ জয়ে সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়।
আয়োজকেরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়।
স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।