সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
রোববার সকাল ৯টার দিকে ভীমরুলিতে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীরা তাকে স্বাগত জানান। রাষ্ট্রদূতও স্থানীয়দের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের সঙ্গে ছবি ও সেলফিতে অংশ নেন।
পরে ভীমরুলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ডিঙি নৌকায় করে খালে ঘুরে দেখেন তিনি। নৌকায় করে খালের বিভিন্ন অংশ পরিদর্শনের পাশাপাশি দুই পাশের সারি সারি পেয়ারা বাগান, নৌকাভিত্তিক জীবনযাত্রা ও বর্ষাকালের মনোরম পরিবেশ কাছ থেকে উপভোগ করেন মার্কিন রাষ্ট্রদূত।
সফরকালে স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। পেয়ারা উৎপাদন, বাজারজাতকরণ এবং স্থানীয় বাণিজ্য সম্পর্কে তাদের কাছ থেকে খোঁজখবর নেন। পরে ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাটের কার্যক্রমও ঘুরে দেখেন।
রাষ্ট্রদূতের এ সফরের সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বর্ষা মৌসুমে ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থানে পরিণত হয়। খালের পানিতে ডিঙি নৌকা ও বিভিন্ন নৌযানে চলে পেয়ারা কেনাবেচা। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এই ঐতিহ্যবাহী ভাসমান হাট দেখতে।
এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারও ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনিও নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি, স্থানীয় অর্থনীতি ও পর্যটন সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেলেন মার্কিন রাষ্ট্রদূত।