নিজস্ব প্রতিবেদক, আবুল কাশেম।
কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই দীর্ঘদিন ধরে সিএনজি সমিতির নামে প্রকাশ্যে টোকেন বাণিজ্য চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সিএনজি চালকদের দাবি, বাঁশখালী সিএনজি সমিতির নামে আনোয়ারা, কর্ণফুলী ও বাঁশখালী রুটে চলাচলকারী চালকদের কাছ থেকে মাসিক ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, নির্ধারিত এই টোকেন সংগ্রহ না করলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, গাড়ি আটক করা কিংবা বিভিন্নভাবে হয়রানির ভয় দেখানো হয়। ফলে বাধ্য হয়েই অনেক চালক নিয়মিত চাঁদা হিসেবে এই অর্থ পরিশোধ করছেন।
চালকদের ভাষ্য, টোকেন বাণিজ্যের মাধ্যমে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হলেও এর কোনো বৈধতা বা সরকারি অনুমোদনের তথ্য তাদের জানা নেই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় চালকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, ট্রাফিক পুলিশের নাকের ডগায় এমন কর্মকাণ্ড চলতে থাকলেও ব্যবস্থা না নেওয়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সিএনজি সমিতি ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।