নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করেছে প্রযুস। এ উপলক্ষে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক সেমিনার, সফল আত্মকর্মী যুবকদের সম্মাননা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১ নভেম্বর চট্টগ্রামের কাজীর দেউড়ি হোটেল ভবনের দ্বিতীয় তলায় জিএসএস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রযুস কেন্দ্রীয় চেয়ারম্যান, শ্রেষ্ঠ জাতীয় ও আন্তর্জাতিক যুব সংগঠক পদকপ্রাপ্ত সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযুসের উপদেষ্টা, দৈনিক আমাদের বাংলার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আব্দুল হান্নান আলম এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ জাহান উদ্দিন।
প্রযুস চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আজিমুল হক, ডা. রাগিব উদ্দিন রাকিব, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা পাপরি সেন গুপ্তা, ফারহানা আক্তার, জাফর ইকবাল, সাবাব ইসলাম ও ডা. আহমেদ কবীরসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী যুবক এবং যুব উন্নয়ন অধিদপ্তরের দক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা যুবসমাজকে দেশ গঠন, মানবিক মূল্যবোধ ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।